এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭০ বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এদের মধ্যে পুরুষ ৫৪ ও নারী ১৬ জন। মঙ্গলবার (৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজন।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
কোন হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী ও ফ্লাইনাস এয়ারলাইন্সে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী সৌদি আরব যান।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher