বগুড়ায় এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ-এর উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা যায়, কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। এরপর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, ঈশিতা শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের হয়ে পরীক্ষায় অংশ নেন। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তিনি এ কাজে জড়ান বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। সংশ্লিষ্ট পরীক্ষা ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় পত্র। পরীক্ষার সময় খাতায় স্বাক্ষরের সঙ্গে প্রবেশপত্রের ছবির অমিল ধরা পড়লে বিষয়টি সামনে আসে। পরে জিজ্ঞাসাবাদে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেন ঈশিতা।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে থানায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Alokito Bogura | Editor & Publisher