বগুড়ার সোনাতলা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার মধ্য নারীর পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক রহমান (৭২) দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এ বিরোধের জেরে আদালতে দায়েরকৃত বন্টন মামলা নং ৭৮/২০০৯ এর রায় সম্প্রতি তার পক্ষে আসে।
অভিযোগে বলা হয়, গত ১৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে আদালতের রায়ের নোটিশ জারি করতে গেলে বিবাদীরা তা বাধাগ্রস্ত করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ভুক্তভোগী ছিদ্দিক রহমানকেও রাস্তাঘাটে চলাচলের সময় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। এমনকি জমিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ বিষয়ে ছিদ্দিক রহমান জানান, দীর্ঘদিন ধরে বিরোধ চললেও আদালতের রায় পাওয়ার পরও প্রতিপক্ষের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Alokito Bogura | Editor & Publisher