বগুড়ার সোনাতলায় ঋণের চাপ সইতে না পেরে কীটনাশক সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সাবু সরকার (৫৫) মিলনেরপাড়া গ্রামের মৃত সায়েদ আলী সরকারের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন।
২৫ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক ক্ষতির কারণে সাবু সরকার দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। পারিবারিক ও আর্থিক চাপ ক্রমেই বাড়তে থাকায় গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বসতবাড়িতে ঘাস মারা কীটনাশক জাতীয় তরল পদার্থ পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তার ছোট ভাই তাজমিলুর রহমান অটোভ্যানে করে রাত ৮টার দিকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সঙ্গীয় এসআই মো. শরিফুল ইসলাম ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় মিলনেরপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ পুনঃতফসিল ও সহায়তা নিশ্চিত করা গেলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কমানো সম্ভব।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Alokito Bogura | Editor & Publisher