সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ সোমবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাকরির মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিতে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি আইজিপি দায়িত্ব পালন করবেন তিনি।
এতে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত বিগত ৯ জানুয়ারির জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত মোট এক বছর ৬ মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশনস্), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান।
র্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
Posted ৭:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher