আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আগামী ৩১ জুলাই (সোমবার) সারাদেশের সব মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা আগামীকাল রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি- আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাই আমরা তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চায় না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।
গুলশানে বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বিনা উসকানিতে বিএনপি নেতাকমীদের ওপর নির্বিচানে গুলি চালানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করা হচ্ছে। কিন্তু কারা এ কাজ করছে তা সবাই জানে। সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি, তিন যুবক মোটসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। পুলিশও আশপাশে ছিল।’
বিএনপি সহিংস রাজনীতি চায় না বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher