বগুড়ার কাহালু উপজেলায় একটি সেমাই কারখানায় ভেজাল বিরোধী যৌথ অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত “ভাই-ভাই লাচ্ছা সেমাই” কারখানায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। অভিযান চলাকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শ্রমিকদের পায়ে মাড়িয়ে সেমাইয়ের খামির প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং বাথরুমের পাশের দুর্গন্ধযুক্ত স্থানে সেমাই সংরক্ষণ করতে দেখা যায়। সেমাই উৎপাদনে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এবং ক্যাব বগুড়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Alokito Bogura | Editor & Publisher