বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর চৌকশ অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় তিন কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে একটি এক্সক্লেভেটর, শতাধিক লোহার পাইপ ও বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু।
জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাদিকুর রহমান সাদিক, ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান এবং বগুড়া জেলা প্রশাসনের আরডিসি’র সমন্বয়ে কুতুপপুর ও ফুলবাড়ি ইউনিয়নের চরকান্দি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাঙালি নদীর তীরবর্তী এলাকায় স্থাপন করা স্প্লাইপ পিটিএল ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ সময় অবৈধ বালু ব্যবসার সাথে সম্পৃক্ত স্থানীয় প্রভাবশালী মো: রুমি খান, মো: রফিকুল ইসলাম (বেকু), মো: মিন্টু গাজী ও মো: দুলাল মিয়ার নাম উঠে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, নদী থেকে এভাবে বালু কেটে নেওয়ায় আমাদের বসতভিটা ভাঙনের মুখে পড়েছিল। সেনাবাহিনীর এ অভিযানের পর আমরা সত্যিই স্বস্তি ফিরে পেয়েছি।”
অপর একজন বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেনাবাহিনী না আসলে হয়তো আমরা টিকতেই পারতাম না।”
সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাদিকুর রহমান সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলন নদীর প্রকৃতি ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
বগুড়া জেলা প্রশাসনের আরডিসি জানান, যে কোনো মূল্যে নদী দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Posted ১০:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher