মাসিক পুলিশ কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও এর অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার ও তার চৌকস টিমকে ৯টি পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আগস্ট ২০২৫ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে অস্ত্র উদ্ধার, মাদক দমন, ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ২৪ জুলাই গণঅভ্যুত্থান ও আগস্টের হত্যাকাণ্ডের আসামি গ্রেফতারে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করায় এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এ উপলক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় তাদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা ও রেঞ্জ পর্যায়ে এই বিরল অর্জনকে ডিবি পুলিশের পরিশ্রম, দক্ষতা ও আন্তরিকতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
অপরাধ দমন, অস্ত্র-মাদক উদ্ধার এবং জটিল মামলার রহস্য উদঘাটনে তাদের সাফল্য সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার আলোকিত বগুড়াকে বলেন, গোয়েন্দা শাখার প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাদের সাহসিকতা, পরিশ্রম ও পেশাদারিত্বের ফলেই আমরা একসঙ্গে এই সম্মান অর্জন করতে পেরেছি। একই সঙ্গে মাননীয় পুলিশ সুপার বগুড়া ও রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করেছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২ জানুয়ারি ইকবাল বাহার বগুড়া জেলা গোয়েন্দা শাখায় যোগ দেন। এর আগে তিনি সিলেটের পিবিআই-তে দায়িত্ব পালন করছিলেন।
ডিবি পুলিশের এ অর্জনকে জেলা পুলিশের সামগ্রিক সাফল্যের অংশ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সচেতনমহল বলছে, এই স্বীকৃতি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আরও অনুপ্রাণিত করবে এবং বগুড়াকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলায় রূপ দিতে সহায়তা করবে।
মাদক নির্মূল থেকে শুরু করে চুরি-ডাকাতি দমন—সবখানেই গোয়েন্দা শাখার তৎপরতা বগুড়াবাসীর কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে। ধারাবাহিক এই সাফল্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher