বগুড়ার সোনাতলায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামে একটি ভূয়া এনজিওর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিখা খাতুন।
উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা প্রায় ১১০০ সদস্যের কাছ থেকে সংস্থাটি আনুমানিক ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
উপজেলার গড়চেতনাপুর গ্রামের শাহীন এর স্ত্রী শিখা খাতুন নামের এক নারী ভুক্তভোগী অভিযোগ করেছেন, বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনজিওর সদস্য হতে বাধ্য করা হয় তাকে। পরে তিনি নিজের পাশ বইয়ের মাধ্যমে ১৮০০ টাকা জমা দেন। কিন্তু ঋণ না পেয়ে এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন।
অভিযোগে এনজিওটির সোনাতলা শাখার উপজেলার মৃত তসলিম উদ্দিন সরকার এর ছেলে আলমগীর হোসেন, গড়ফতেপুর এলাকার মৃত মোজাফর হোসেনের ছেলে মো: শামিম আকতার রতন ও মাহমুদুর রহমান রনি সহ তিন জনকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। রনি সোনাতলা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগীসহ স্থানীয়দের দাবি, এনজিওটি সঞ্চয়ের প্রলোভন দিয়ে সদস্যদের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করেছে। পরে সংস্থার কর্মকর্তারা টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।
Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher