বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে।
২৮ আগস্ট রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ওসি মিলাদুন নবীকে বগুড়া পুলিশ অফিসে সংযুক্ত করার আদেশ দেন।
প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়, মিলাদুন নবী সোনাতলা থানায় কর্মরত থাকা কালে ধর্তব্য অপরাধের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রজু করেননি। অপরাধীদের ব্যবহৃত পুলিশ কালারের পিকআপ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকলেও অপরাধী শনাক্ত করতে গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএর সঙ্গে যোগাযোগ করেননি।
এছাড়া তিনি প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থ হন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানেও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে মিলাদুন নবীকে ওআর সদর, পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া যায়। সে অনুযায়ী তাকে পুলিশ হেড কোয়ার্টারের একটি আদেশে বগুড়া পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন।
এ বিষয়ে ওসি মিলাদুন নবী বলেন, আমি সবসময় আইন অনুযায়ী কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। সংযুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি আলোকিত বগুড়াকে বলেন, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের বিষয়।
Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher