বগুড়ার শাজাহানপুরে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু ফাহিম বাবুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফাহিম বাবু উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের সোহেল রানার ছেলে।
আজ ১৫ জুলাই রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল দীর্ঘ তল্লাশির পর শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ফাইম প্রতিবেশী এক শিশুর সঙ্গে বৃষ্টির পানিতে খেলছিল। খেলার একপর্যায়ে সে পা স্লিপ করে একটি ড্রেনের পানি নিষ্কাশিত পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।
পরিবার ও এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ ছয় ঘণ্টার তল্লাশির পর রাত ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
Posted ১১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher