মো. জোবায়ের হোসেনের ফেসবুক থেকে নেওয়া।
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. জোবায়ের হোসেন নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (১৩ জুলাই) জোবায়ের নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, ‘রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি কর্মকাণ্ড চলমান থাকায় আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিলাম।’
ফেসবুক পোস্টে জোবায়ের হোসেন লেখেন,
‘আসসালামু আলাইকুম,
সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমি মো. জোবায়ের হোসেন, শাজাহানপুর থানার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি চলমান থাকার কারণে আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।
‘যে দল মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, সে দলে থাকার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই বলে আমি মনে করি। চলমান রাজনৈতিক দল বিএনপির সব কর্মকাণ্ড থেকে আমি নিজেকে আজ থেকে সরিয়ে নিলাম।
সকলকে ধন্যবাদ।’
তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আইয়ুব ছোটন। তিনি আলোকিত বগুড়াকে বলেন, জোবায়েরকে ২০২০ সালের কমিটিতে সদস্য সচিব করা হলেও, সে কখনো কোনো কর্মসূচিতে সক্রিয় ছিল না। পরবর্তীতে জানতে পারি সে শিবির সংশ্লিষ্ট, গুপ্তচর হিসেবে কমিটিতে এসেছে। তাই পরবর্তী কমিটিতে তাকে বাদ দেওয়া হয়। যার আর পদ নেই, সে পদত্যাগও করতে পারে না।
প্রথমে জোবায়েরের ঘোষণাটি নিয়ে সংশয় থাকলেও, পরে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া পোস্টে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়।
Posted ৪:১১ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher