দেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল ও পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ করতে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে নির্বাচনী আসনে ছাড় দিতে আমরা রাজি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার দুপুরে ঐতিহাসিক টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও মহানগর উলামা-মাশায়েখ পরিষদের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর একটি নির্দিষ্ট দল নিজেদের দেশের মালিক মনে করছে। প্রশাসনের কিছু কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়ে দলীয় দাসে পরিণত হয়েছেন। তাদের অপসারণ করে নিরপেক্ষ প্রশাসন গঠন করতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।”
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “পূর্বে জেলে বন্দী হয়েও আলেম সমাজ ঐক্যের ভিত্তি গড়ে তুলেছেন। সেই ঐক্যের বাস্তব রূপ জাতি আসন্ন নির্বাচনে দেখবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, এবার দেশ গড়ার আন্দোলনেও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি বলেন, “শেখ হাসিনার সরকার জামায়াত নেতাদের বিচারিক হত্যার মাধ্যমে শহীদ করেছে। এ হত্যার সাথে জড়িত বিচারক, সাক্ষী, আইনজীবিদের বিচার করতে হবে। মসজিদকে দাওয়াতি ও ঐক্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে সমাজে শান্তি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আলমগীর হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, শায়েখ মাওলানা যাইনুল আবেদীন, ড. মাওলানা আব্দুস সামাদ, ড. খলিলুর রহমান মাদানী, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মাওলানা আবিদুর রহমান সোহেল, মুফতি আতাউল্লাহ নিজামী, মাওলানা কাজী ফজলুল করিম রাজু, মাওলানা আ.ন.ম মামুনুর রশীদ, মুফতি মামুন রহমানী, মাওলানা মমতাজ উদ্দিনসহ বহু বিশিষ্ট আলেম।
সম্মেলনে ১০ দফা ঘোষণা পাঠ করা হয় এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেত ও মহানগর সেক্রেটারি ড. আবু সালেহ মামুন।
Posted ১০:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher