বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভুয়া চাচাতো ভাই পরিচয় দেয়া ব্যারিষ্টার শামিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শামিম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার বাসিন্দা। হারুনুর রশিদ নামের এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ ০৩ জুলাই (বৃহস্পতিবার) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় গ্রেপ্তার শামীমের কাছ থেকে ডজন খানেক বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড ও তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত চেক জব্দ করা হয়।
গত ২২ জুন বিকাল সাড়ে ৫টার দিকে শামীম রহমান ফোন দিয়ে মো. ইমরান হোসেন ও মো. গোলাম রব্বানী জায়েদারকে বগুড়া সদর উপজেলার মম-ইন কফি শপের সামনে আসতে বলে এবং তাদেরকে দলের পদ-পদবী পাইয়ে দিবে বলে টাকা দাবি করে। এরপর বগুড়া সদর থানায় মামলা হলে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মো. শামীম রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, আসামি প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ভূয়া ব্যারিস্টার পরিচয় দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher