বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের একটি বিশেষ গ্রাম ‘শিল্পপাড়া’। নাম শুনেই বোঝা যায়, এখানে গড়ে উঠেছে একটি নিজস্ব শিল্পসংস্কৃতি। এই গ্রামের শতভাগ মানুষ সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত শীতকালীন পোশাক তৈরির সঙ্গে। কেউ কারিগর, কেউ মালিক, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে কাজ করছেন— এ যেন এক শিল্পগাঁথা গ্রামীণ জীবন।
জুন থেকে শুরু হলেও এবছর এখন থেকে কর্ম ব্যস্ততায় দিন কাটছে এলাকাবাসীর।
গ্রামের মানুষের প্রধান পেশা শীতের জন্য হাত মোজা, পা মোজা ও টুপি তৈরি করা। বছরের জুন মাস থেকেই তারা এই পণ্য তৈরি শুরু করেন, যা চলে ডিসেম্বর পর্যন্ত। এরপর সেই পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন পাইকারদের মাধ্যমে।
গ্রামের চিত্র যেন এক মহাব্যস্ত কর্মশালা। সেলাই মেশিনের শব্দ, উলের গন্ধ, প্যাকেটিংয়ের ব্যস্ততা।এসব নিয়ে প্রতিটি ঘরই একেকটি ক্ষুদ্র শিল্প কারখানায় পরিণত হয়েছে।
একজন উদ্যোক্তা বলেন, “আমরা ছোট ছোট কারখানার মতো করে কাজ করি। পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়ে এতে। কেউ সেলাই করে, কেউ প্যাকেট বানায়।”
স্থানীয় ব্যবসায়ী ময়েশ আলী বলেন, “আমরা প্রতি বছর শীতবস্ত্র তৈরি করি। সারা দেশ থেকে পাইকাররা এসে নিয়ে যায়। এটাই আমাদের একমাত্র আয়ের উৎস।”
তবে চ্যালেঞ্জও আছে অনেকেই বলছেন, কাঁচামালের দাম বাড়ছে, কিন্তু বিক্রির সময় সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটও উৎপাদনে ব্যাঘাত ঘটায়।
সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থা পেলে এই শিল্প আরও প্রসারিত হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। তারা চান, এই স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যেতে, আরও অনেক উদ্যোক্তা তৈরি হোক শিল্পপাড়া থেকে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher