বগুড়ায় করতোয়া নদী ভরাটের পর দখল করে গড়ে তোলা টিএমএসএসের অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্রুপের গ্লাস ফ্যাক্টরি জেলা প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনভর জেলা প্রশাসনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি উচ্ছেদ করা হয়।
জানা যায়, টিএমএসএস অনেকদিন ধরে করতোয়া নদীতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে আসছে। ২০২৩ সালে এই প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু তারপরেও থেমে থাকেনি দখল কার্যক্রম।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সদর উপজেলায় টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই প্রতিষ্ঠানের নির্মিত ১১টি অবৈধ স্থাপনা রয়েছে। যার পরিমাণ ৯৩ দশমিক ১৫ শতক। যা বগুড়া জেলা প্রশাসক গঠিত নদীর সীমানা নির্ধারণ কমিটির সমন্বয়ে সরেজমিনে জরিপ পূর্বক স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে গ্লাস ফ্যাক্টরি, ওয়্যারহাউজসহ পাকা, আধাপাকা স্থাপনা রয়েছে। সরকারি খাস জমিতে অনুমতি ছাড়াই এসব স্থাপনা নির্মিত হয়। যা করতোয়া নদীর কোলঘেঁষে স্থাপন করা হয়। অভিযানে যৌথ বাহিনী একাধিক স্থাপনা উচ্ছেদ করে।
বিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার মোহাম্মদ জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলাকালীন জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। তারা আবারও আদালতের শরণাপন্ন হওয়ার কথাও বলছেন।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, তুরাগ নদীর দখলমুক্ত করতে তুরাগ জাজমেন্ট আইন রয়েছে। সেই আইনে সারাদেশে নদীর দখলমুক্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেই আইনে করতোয়া নদীকে দখলমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, এর আগে আমরা টিএমএসএসকে নোটিশ দিয়েছিলাম, যাতে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু তারা তখন আদালতে গিয়ে একপক্ষের নিষেধাজ্ঞা জারি করে। পরে আমরা আইনি লড়াই জিতে করতোয়াকে দখলমুক্ত কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে করতোয়া নদীর সব দখলদারকে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher