বগুড়ার গাবতলীতে পুলিশের এসআই, এএসআই ও কনষ্টেবলদের মারপিট করে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং ৪জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মেন্দিপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৬) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), আ: ছাত্তারের মেয়ে সাথী আকতার (২৬) এবং আ: বাছেদ মোল্লার ছেলে মো: হাসান (২২)।
গত ১৯মার্চ বুধবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্তকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের নির্দেশে ডিউটিরত থানার এসআই তৌহিদুল ইসলাম, এসআই শরীফুল ইসলাম, এএসআই গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স ১৯ মার্চ রাতে উল্লেখিত মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্ত করতে যায়। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী ওই পুলিশদের মারপিট করে ঘরে আটকে রেখে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। সরকারী অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান, আটক, আক্রমণ, ভয়ভীতি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অপরাধে এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেক পুরুষ ও মহিলা বলে থানায় একটি মামলা দায়ের করেন এবং ৪জনকে গ্রেফতার করে।
Posted ৯:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Alokito Bogura | Editor & Publisher