আদালতের রায় বিপক্ষে থাকলেও প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল, মারপিট ও ইট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার সারিয়াকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুর রহমান ওরফে হিরু মন্ডলের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের মৃত নুরুল হোসেন আকন্দের মেয়ে শামিমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা জীবিত থাকা অবস্থায় গত ১৯৯০ সালের ২ জানুয়ারী ৬ শতাংশ জমি ক্রয় করেন। পরে জমির মালিক তাদের বরাবর একই বছরের ১৩ মে তাদের নামে ৫ শতাংশ জমি দলিল করে দেন। এরপর তাদের বাবা নুরুল হোসেন তার ক্রয় করা ৬ শতাংশ জমি তার ৭ মেয়ের নামে দলিল করে দেন। পরবর্তীতে উক্ত জমির বিক্রেতা জসিম উদ্দিন মন্ডলের ভাতিজা বিএনপি নেতা মাসুদুর রহমান ওরফে হিরু মন্ডল উক্ত দলিলের বিরুদ্ধে জেলা জজ কোর্টে ও আপীল দু’টি মামলা দায়ের করলে আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। উক্ত রায় ও আপীলের বিরুদ্ধে হিরু মন্ডল হাইকোর্টে সিভিল রির্ভিশন দায়ের করলে উক্ত ২টি সিভিল রিভিশন হিরু মন্ডলের বিপক্ষে রায় প্রদান করেন। হিরু মন্ডল উক্ত রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীলেট ডিভিশনে লীভ টু আপীল দায়ের করলে তা নামঞ্জুর হয়।
পরে সারিয়াকান্দি থানার বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থাকা কালে হিরু মন্ডল উক্ত সম্পত্তি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে নেয়।
এদিকে অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর গত ২৪ সেপ্টেম্বর তার সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে আবারো তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করলে তারা তাতে বাধা প্রদান করেন। এ সময় তারা লাঠিসোটা দিয়ে তাদেরকে মারপিট করে আহত করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ৪টি মোবাইল ফোন লুট সহ তাদের বাড়ির কাজের জন্য নিয়ে আসা ৫ হাজার ইট জোরপূর্বক ভটভটিতে উঠিয়ে লুট করে নিয়ে যায়।
বর্তমানে হিরু মন্ডল তাদেরকে বিভিন্ন ভাবে হুমকী প্রদান করে যাচ্ছেন। এ অবস্থায় তারা নিরাত্তার জন্য প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher