বগুড়ার সোনাতলা উপজেলায় খাদ্য গুদামে সরকারি ধান ক্রয়ে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশ করায় ক্ষীপ্ত হয়ে উঠেছেন ধান ক্রয় সিন্ডিকেটের হোতারা।
দৈনিক মানজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নির্বাহী সদস্য প্রতীক ওমরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন সোনাতলা উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পুটু।
সে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সোনাতলা পৌরসভার বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর ভাই।
হত্যার হুমকির প্রেক্ষিতে প্রতীক ওমর বগুড়া সদর থানায় হুমকিদাতা আবুল কালাম আজাদ পুটুর বিরুদ্ধে আজ ২১ জুন (শুক্রবার) সাধারন ডায়েরী করেছেন।
প্রতীক ওমর ডায়েরীতে উল্লেখ করেন, “আমি দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। আমি গত ১৫/০৬/২০২৪ইং তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় “তালিকা তৈরিতে জালিয়াতি, গুদাম ভরাচ্ছে সিন্ডিকেট, জানেন না কৃষক” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করি। বিবাদী সোনাতলার মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ পুঁটু (৬০) উক্ত সংবাদে উল্লেখিত সিন্ডিকেটের অন্যতম সদস্য। ইহাতে উপরোক্ত বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া ১৫/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা ০৬.২৩ ঘটিকার সময় সাতমাথাস্থ বিআরটিসি মার্কেটের সামনে অবস্থানকালে মোবাইল নং-০১৭১২ ***৬১৬ হইতে আমার ব্যবহৃত মোবাইল নং-০১৭১৭ ***৬৮২ তে কল করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে খুন জখম করার হুমকী দেয়। আমি একজন সংবাদকর্মী। সংবাদ সংগ্রহের জন্য জেলার বিভিন্ন স্থানে গমন করিতে হয়। উপরোক্ত বিবাদী যে কোন সময় আমাকে খুন জখমসহ আমার বড় ধরনের ক্ষতি করিতে পারে। বিবাদীর হুমকীর কারণে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।”
এ বিষয়ে প্রতীক ওমর বলেন, আমি যথাযথ সূত্র উলেখ করে সংবাদটি প্রকাশ করেছি। ওই সংবাদে আবুল কালাম আজাদ পুটুর নাম চলে আসায় তিনি আমাকে মুঠোফোনে গালিগালাজ করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন। ফোন কলের সেই হুমকি, গালিগালাজ রেকর্ড করা আছে। আমি বর্তমানে চলাফেরায় অনিরাপদ বোধ করছি বিধায় বিষয়টি বগুড়া সদর থানায় একটি সাধারণ জায়েরি করেছি।
এ ঘটনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হুমকি দাতা আবুল কালাম আজাদ পুটুকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা।
Posted ১১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুন ২০২৪
Alokito Bogura | Editor & Publisher