বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৩দিন পর একটি ধানক্ষেত থেকে নাজমুল হক (৩২) নামের এক সিএনজি অটোরিক্সা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা শান্তির মোড় থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিনে একটি ধানক্ষেতে।
একাধিকসূত্রে গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যে গ্রামের জহুরুল ইসলামের ছেলে সিএনজি অটোরিক্সা চালক নাজমুল হক গত ২০অক্টোবর শক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ী থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ী ফেরেনি। নাজমুল হককে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করে কোথায় পাওয়া যায় নাই। বাবা-মা ও আত্বীয়-স্বজনরা বলেন নাজমুলের মোবাইল ফোনটাও বন্ধ ছিল।
এদিকে নিখোঁজের তিনদিন পর গতকাল সকালে ওই গ্রামের জনৈক ব্যক্তি হাতিবান্ধা শান্তির মোড় থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিনে একটি ধানক্ষেতে ঘাস কাটতে গিয়ে লাশের গন্ধ পায়। এরপর খবর পেয়ে নাজমুলের পরিবারের লোকজন লাশ সনাক্ত করে গাবতলী মডেল থানায় সংবাদ দেয়। তারপর সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী এবং থানার ওসি সনাতন চন্দ্র সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করে মর্গে প্রেরনের জন্য থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নাজমুলের পরিবারের লোকজন জানান, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা নাজমুলকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে গেছে বলে ধারনা করছে তারা।
এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নাজমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশের একটি চৌকস টিম কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় নিখোঁজের কোন সাধারণ ডায়েরী করেননি ভুক্তভোগী পরিবার।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia