বগুড়ার সোনাতলায় টাকা নিয়ে জমির দলিল না করে দিয়েই দেশ ছেড়ে পলায়নের অভিযোগ উঠেছে। ৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন শ্রী মদন প্রাং নামে এক প্রতারক। এ বিষয়ে বিশ্বজিৎ বাদী হয়ে ২৫ জুন সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন এর লক্ষিনারায়ণপাড়ায় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিশ্বজিৎ এর বাবা মৃত বিজয় চন্দ্র ২০০৯ সালে ৩০ শতাংশ জমি ক্রয় করার জন্য একই গ্রামের শ্রী মদন প্রাং কে ৯ লক্ষ টাকা দেন। কিন্তু মদন প্রাং টাকা নিয়ে দলিল না করে দিয়ে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে গোপনে মদন তার মেয়েকে জমির দলিল করে দেন এবং দেশ ছেড়ে ভারতে পারি জমান। এরই মধ্যে জমি ক্রেতা বিজয় চন্দ্র মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন পর ২৫ জুন বিজয় চন্দ্রের ছেলে বিশ্বজিৎ ঐ জমিতে গাছ কাটতে গেলে একই গ্রামের মৃত বাবর আলীর ছেলে সবুজ মিয়া ও মহিচরন এলাকার মুক্তি ইসলাম তাকে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বিশ্বজিৎ বলেন, আমার বাবাকে থেকে টাকা নিয়ে জমির দলিল না করে দিয়েই প্রতারণা করে দেশ ছেড়ে পলায়ন করছে। আমার বাবা মারা গেছে। আমি এখন অসহায়। তাই প্রশাসনের কাছে আইনি সহায়তা চাচ্ছি।
এ বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তারা আলোকিত বগুড়ার সাথে এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী আলোকিত বগুড়াকে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher