লিবিয়ায় দুই ভাইকে আটকে রেখে মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের আয়েন উদ্দিন প্রামানিকের ছেলে পান্নু মিয়া ও একই উপজেলার নওদাবগা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শিপলু সরকার। সে সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার।
স্নিগ্ধ আখতার জানান, গত ৮ জুন বগুড়ার দুপচাঁচিয়া থানায় মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা করেন ওই উপজেলার বাসিন্দা রাব্বী খন্দকার। তিনি অভিযোগ করেন- তার দুই ভাই পাপ্পু খন্দকার ও সাঈদ খন্দকারকে ভালো বেতনে লিবিয়ায় চাকরি দেওয়া প্রলোভন দেখান উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মোন্তাহা স্টোরের সত্ত্বাধিকারী উজ্জল হোসেন। পরে ১১ লাখ টাকা দিয়ে গত বছরের ১২ ডিসেম্বর পাপ্পু খন্দকারকে এবং চলতি বছরের ১৭ জানুয়ারি সাঈদ খন্দকারকে লিবিয়ায় পাঠানো হয়।
তিনি জানান, লিবিয়ায় উজ্জলের পূর্ব পরিচিত সাব্বির হোসেন ওই দু’জনকে লিবিয়ার হাসপাতালে চাকরি পাইয়ে দেবে বলে জানায়। লিবিয়ায় পৌঁছার পর ওই দুই ভাইকে কোন চাকরি না দিয়ে বসিয়ে রাখে সাব্বির। পরে চাকরির ব্যবস্থা হয়েছে বলে গত ২৫ মার্চ তাদের দুই ভাইকে পৃথক দুই শহরে নিয়ে আটকে রাখে। এরপর তাদের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ওই ঘটনায় ৮ জুন মামলার পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে উজ্জল হোসেন ও সফাত মন্ডল নামের দুইজনকে আটক করে। তাদের আটকের পর সাঈদ খন্দকারকে উদ্ধার করা সম্ভব হয়। গত ২৩ জুন সাঈদকে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু ওই চক্রের হাতে আটক আপর ভাইয়ের কোন সন্ধান মিলছিল না।
সম্প্রতি অপহরণকারি চক্র পাপ্পু খন্দকারকে মুক্তি দিতে ৪ লাখ টাকা দাবি করে যোগাযোগ করে। এজন্য তারা ডাচ-বাংলা ব্যাংকের একটি একাউন্ট নম্বর দেয়। ওই নম্বরে এক লাখ টাকা নেওয়ার পর অবশিষ্ট টাকা দিতে চাপ দেয় ওই চক্র। তখন পুলিশের পরামর্শে নগদ টাকা দিতে সম্মত হয় পাপ্পুর পরিবার। গত সোমবার সন্ধ্যায় সেই টাকা নিতে এলে পুলিশের হাতে আটক হয় সোনাতলা উপজেলার পান্নু ও শিপলু। তাদের মাধ্যমে যোগাযোগ করে পরে অপহৃত পাপ্পুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, দ্রুতই পাপ্পু খন্দকারকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পাপ্পুর ভাইয়ের করা মামলায় আটক পান্নু ও শিপলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
Alokito Bogura | Editor & Publisher