বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমান মাসুদ। তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা এই নেতা দলীয় সংগঠন, তৃণমূল আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে সুপরিচিত মুখ।
সোনাতলা পৌরসভার গড়চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মাসুদ বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে যুবদলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে দমন-পীড়নের শিকার হতে হয়েছে বলেও জানান তিনি।
আলোকিত বগুড়াকে মাসুদ বলেন, “গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় ছিলাম। আওয়ামী সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা আমাদের প্রতিদিনের বাস্তবতা হলেও আমরা পিছপা হইনি।”
তিনি দাবি করেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার মতে, “আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
রাজনীতিকে মানবসেবার ব্রত হিসেবে দেখেন মাসুদ। তিনি বলেন, “মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। সোনাতলা-সারিয়াকান্দি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকতে চাই সবসময়।”
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পুনর্গঠন ও ভবিষ্যৎ পথনকশা নিয়েও আশাবাদী মাসুদ। তিনি বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির গভীর আকাঙ্ক্ষা। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তার নেতৃত্বেই আগামী দিনের রূপরেখা বাস্তবায়িত হবে।”
মাসুদ একজন ব্যবসায়ী। শিক্ষা জীবন শুরু করেন সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ে, পরে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
দলীয় মনোনয়ন পেলে বগুড়া-১ আসনে বিএনপিকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করে মাসুদ আলোকিত বগুড়াকে বলেন, “এই আসনটি বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে উপহার দিতে চাই।”
Posted ২:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher