বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের সতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থককে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ শনিবার সকালে সারিয়াকান্দি থানায় অপহরনের লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে আয়নাল মেম্বার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক ( মোট ভোটারের শতকরা ১ ভাগ সমর্থনকারী) কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের বেলাল হোসেনের (৩৭) স্ত্রী নাজমা খাতুন (৩৩) এবং তাদের ৩ বছরের শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন আওয়ামী লীগ নেতা।
তারা হলেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছামারা গ্রামের মৃত ছামছুর রহমান মন্ডলের ছেলে হেলাল (৫৩), কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে রবিউল হাসান হেলাল (৫০), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুতানারা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে তাজ উদ্দিন (৩৮) এবং কামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪২)।
এ বিষয়ে সরেজমিনে অভিযুক্তদের বাড়িতে খোঁজ খবর নিয়ে তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকাল পর্যন্ত তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে অভিযোগের স্বাক্ষী মো: দুদু মিয়ার সাথে কড়িতলা বাজারে বিশুর চায়ের দোকানে মহসিন আলী মাষ্টার ও মোলাম মোস্তফা টিটুর উপস্থিতিতে আলোকিত বগুড়া’র প্রতিবেদক এর সাথে কথা হলে মো: দুদু মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যার পরে তাজ উদ্দিন ও আলমগীর হোসেন, নাজমা ও তার স্বামী সন্তানকে নিয়ে বগুড়ায় হেলাললের বাসায় রেখে আসেন। শনিবার দুপুরে আল আমিন ও ফরিদুল বগুড়া হেলালের বাসা থেকে উদ্ধার করে এখন তাদের হেফাজতে রেখেছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশের একাধিক টিমের তদন্ত চলমান রয়েছে। অপহরণকারী ও ভিকটিমদের উদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
এ বিষয়ে শাহাজাদী আলম লিপি বলেন, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী সাহাদারা মান্নানের লোকজন আমার সমর্থকদের অপহরণ করেছে।
সারিয়াকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে এতে কোনও সন্দেহ নেই । উপরোক্ত বিষয়ে কোনও প্রার্থী যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করে, তাহলে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মাইনুল হাসান/আ/ব//
Posted ৭:০৬ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher