বগুড়ায় নিউ এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া সদর এলাকার পিটিআই মোড় হইতে ১০০ গজ পশ্চিমে, আজাদ পাম্প সংলগ্ন সূত্রাপুরে অবস্থিত নিউ এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ৫ আগস্ট রাত ২টা ৪০ মিনিটে শিহাবের নেতৃত্বে প্রায় ছয়জন যুবক হাসপাতালের প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় রোগী, তাদের স্বজন ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে মালতিনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলোও অভিযোগে বলা হয়, এরপর থেকে শিহাব নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে প্রতিদিনই সহযোগীদের নিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট চাঁদা দাবি করতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে শিহাবসহ অন্তত সাতজন আবারও হাসপাতালে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, চেয়ার-টেবিল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে রোগী, স্বজন ও কর্মীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মরত কর্মচারী ও স্থানীয় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এসময়কার ভিডিও ফুটেজ ও কলরেকর্ড হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
হাসপাতালের পরিচালক নিমাই সরকার বলেন, “পুলিশ তদন্তের জন্য হাসপাতালে এসেছিল। তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি বনানী ফাঁড়িতে তদন্তের জন্য পাঠানো হয়েছে।”
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বনানী ফাঁড়ির এসআই নুরুজ্জামান বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত শিহাবের ব্যবহৃত মোবাইল নম্বর এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher