বগুড়ার শহরে খাতিজা খাতুন সিমা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) সকালে শহরের ফুলবাড়ী টিএনটি কলোনী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাতিজা খাতুন সিমা শহরের টিএনটি কলোনী এলাকার মৃত বেলায়েত আলীর মেয়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত খাতিজার স্বামী শহরের চেলোপাড়া এলাকার রাফিউল আলম পল্লব। স্বামী পল্লব ঢাকায় কর্মরত থাকার কারণে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই থাকেন সিমা৷ প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়াশব্দ না পাওয়ায় তাদের মনে সন্দেহ হয়। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন আরও জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০১ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher