বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে রিকশা চালক আব্দুল মান্নান হত্যার মামলায় সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকারকে (৬০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির উপ-পরিদর্শক আরিফুল ইসলাম। তিনি জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলা এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম। গত সেপ্টেম্বর মাসে তার নামে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে দল বহিষ্কার করা হয় এবং পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২০২২ সালেই দল থেকে শহিদুল ইসলাম সরকারকে বহিষ্কার করা হয়। সেই থেকে তার বিএনপির সঙ্গে কোনো কর্মকাণ্ড নেই।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher