৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর দুপচাঁচিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ পরবর্তী উপজেলা পরিষদ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে ২৪জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার উপজেলা পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র, তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, নূর মোহাম্মাদ আবু তাহের, সাখাওয়াত হোসেন মল্লিক, আনোয়ার হোসেন, শাহজাহান আলী, মোয়াজ্জিম হোসেন প্রমুখ। এছাড়াও সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪
Alokito Bogura | Editor & Publisher