বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামে এক পুলিশ কর্মকর্তার মারধরে সোহাগ (২৮) নামের এক যুবক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই (বুধবার) বিকেলে মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামের মৃত শাহীন মোল্লার ছেলে সোহাগের সঙ্গে পুলিশের এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) রেজাউল করিম খোকনের সাথে জমি জমার সংক্রান্তে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে সোহাগ গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দ্বারা একজন সাধারণ নাগরিক আহত হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ন্যায়বিচারের দাবি উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী জানান, তিনি গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি থাকায় তার পরিবারের লোকজন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তাকে একাধিকবার ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, আমি ঘটনাটি জেনেছি এবং ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ছিলাম আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৮:১০ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher