বগুড়ার সোনাতলায় দিগদাইড় ইউনিয়নের উত্তর বাঁশহাটা গ্রামে অভাব থেকে চিরবিদায় নেয়া নিফুল প্রামানিকের স্ত্রী সন্তানদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার করেছেন বগুড়া জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম।
আজ ২৯ আগস্ট দুপুরে সোনাতলা উপজেলা চত্তরে নিফুলের স্ত্রী বিলকিস বেগমের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন। এর পাশাপাশি ঘর নির্মাণে ঢেউটিন, সাংসারিক ব্যয় নির্বাহের জন্য দোকান,গরু কিনে দেয়া ও আর্থিক অনুদান প্রদানসহ আরো সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দেন উপজেলা প্রশাসনকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কুরশিয়া আকতার, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মৎস্য অফিসার হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আয়েশা সিদ্দিকা, মহিলা ও শিশু বিষয়ক অফিসার মাঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলসহ সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন অফিসের অফিসারগণ।
উল্লেখ্য যে, সংসারে অভাব অনটনের কারনে চিরবিদায় নিয়েছেন নিফুল প্রামানিক নামে এক হতভাগা বাবা। স্ত্রী সন্তানদের ভরনপোষন দিতে না পেরে দিনমজর নিফুল গত শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পৃথিবী থেকে চিরবিদায় নেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার হলে বিষয়টি বগুড়া জেলা প্রশাসক মো.সাইফুল ইসলামের নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) কুরশিয়া আক্তারকে নিফুলের স্ত্রী সন্তানের খোঁজখবর নিতে। কুরশিয়া আক্তার খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গিয়েছিলেন নিফুলের বাড়িতে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক নিজে সোনাতলায় এসে আত্মহত্যা করা নিফুলের স্ত্রীর সাথে দেখা করে সকল সহযোগিতা করার আশ্বাস দেন।
এছাড়াও জেলা প্রশাসক সাইফুল ইসলাম উপজেলা সমাজ সেবা অফিসে আসা সেবা প্রার্থীদের জন্য অপেক্ষাগার, আনসার সদস্যদের জন্য নবনির্মিত ব্যারাক উদ্বোধন করেন এবং পাকুল্লার খাটিয়ামারীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Alokito Bogura | Editor & Publisher