গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্ত্রী ও পুত্রবধূকে পিটিয়ে আহত করার পাশাপাশি টয়লেট ও টিউবওয়েল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছে ওই পরিবার।
ঘটনাটি ঘটেছে গত ২৬ অক্টোবর সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হাবিবের বাইগুনী গ্রামে।
আহত পুত্রবধূ ইয়াসমিন আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই গ্রামের মৃত আবুল কাশেম মণ্ডলের ছেলে মো. আবু বক্কর মণ্ডল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-সাতজনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবের বাইগুনী গ্রামের চাচাতো ভাই মোজাফফর ও জ্যাঠাতো ভাই আবু বক্করের মধ্যে বাড়ির জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর সকালে মোজাফফর ওই জমিতে স্থাপিত টিউবওয়েল খুলে নিজ বাড়িতে নিয়ে যায়। পার্শ্ববর্তী একজন প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আবু বক্করের পরিবার প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
পরের দিন ২৬ অক্টোবর সকালে মোজাফফর ও তার পরিবারের সদস্যরা লাঠি, রড, ধারালো ছোরা ও হাসুয়া নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। তারা আবু বক্করের জমিতে স্থাপিত টিনের বেরা, টয়লেট ও টিউবওয়েল ভাঙচুর করে তছনছ করে ফেলে। হামলা ঠেকাতে গেলে আবু বক্করের স্ত্রী ও পুত্রবধূর ওপর এলোপাতাড়ি মারধর চালানো হয়। একপর্যায়ে পুত্রবধূ ইয়াসমিনের হাতে ছোরা দিয়ে আঘাত করলে তার হাত কেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার পরনের কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মোজাফফরের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মহিমাগঞ্জ তফসিল অফিস থেকে আমার জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি শুধু আমার সীমারেখার ভেতরে বেরা দিয়েছি।
তবে ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে জানালে তিনি দাবি করেন, আমরা মামলায় রায় পেয়েছি। রায়ের কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ওই ইউনিয়নের বীট অফিসার আসাদুজ্জামান নিকট তদন্ত ভার দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher