সিরাজগঞ্জ পৌরসভার গয়লা গ্রামে প্রায় অর্ধ শতাধিক মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে পৌর এলাকার গয়লা ও একডালা মহল্লার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। গত বুধবার তারেক (৬৫) নামে এক ব্যক্তি ও গত মঙ্গলবার পাপিয়া (৫০) নামে এক মহিলা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর তাজ উদ্দীন শেখ ডায়রিয়ায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। তবে পৌরসভার সাপ্লাইয়ের পানিতে নয় টিউবওয়েলের পানি পান করে আক্রান্ত হচ্ছে মানুষ।
সিরাজগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, গয়লা ও একডালা মহল্লার মানুষ পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে। প্রায় দুই সপ্তাহ আগে থেকে হঠাৎ করেই এলাকার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করে। দুই সপ্তাহে অন্তত অসুস্থ্য হয়েছে শতাধিক মানুষ। তিনি নিজেও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান।
সিরাজগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) রবিউল কবির বলেন, সাপ্লাইয়ের পানি নাকি টিউবওয়েলের পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ আমাদের সাপ্লাইয়ের পানি শহরের ২৫ হাজার মানুষ পান করে। অন্য কোথাও এমন সমস্য দেখা দেয়নি। গতকাল খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট স্যারের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যে রিপোর্ট চলে আসবে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. রতন কুমার জানান, শনিবার (৭অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে গয়লা, একডালা, ধানবান্ধি, সয়াধানগড়া মহল্লারই বেশি। সব মিলিয়ে ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১১২ জন।
Posted ৮:০৭ অপরাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia